কুলপাড়াকে কেন্দ্র করে তুলকালাম। দু'দল প্রতিবেশী র সংঘর্ষে জখম 5
দি নিউজ লায়নঃ কুলপাড়াকে কেন্দ্র করে দু'দল প্রতিবেশীর মধ্যে তুমুল সংঘর্ষে জখম হলেন পাঁচজন। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। এই ঘটনায় আক্রান্তের পরিবার হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম খতেজা বিবি (৪৫), তার বড়ো মেয়ে খায়রুন নেশা (৩০), ছেলে দানেমুল ইসলাম (২২)। অপরদিকে রক্তাক্ত হয়েছেন এক দম্পতি সেখ কালচু শেখ (৩৫) ও তার স্ত্রী নীলমনি খাতুন (৩০)।রক্তাক্ত অবস্থায় আহত পাঁচ জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
অভিযোগকারী খতেজা বিবি জানিয়েছেন,শনিবার সন্ধ্যা নাগাদ তার বিবাহিত বড়ো মেয়ে খায়রুন নেশা নিজের কুল গাছ থেকে কুল পাড়ছিলো।কিছু কুল ছিটকে প্রতিবেশী সেখ আসিফুলের জমিতে পড়ে যায়। সেই কুল মা ও মেয়ে দুই জন মিলে কুড়োতে গেলে আসিফুলের পরিবার লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। অপরদিকে অভিযুক্ত আসিফুলের ছেলে কালচু শেখ মাঠ থেকে এসে বাঁশ নিয়ে তাদের উপরে চড়াও হলে বাঁশের আঘাতে জখম পড়েন মা, মেয়ে ও ছেলে।
যদিও কালচু শেখ জানিয়েছেন, কুলের গাছটি ওদের বাড়িতে থাকলেও কিছু ডাল তাদের জমিতে রয়েছে। বেড়া ভেঙে ও ফসল নষ্ট করে এপারে তারা কুল কুড়োতে আসছে। বারবার বারণ করা সত্ত্বেও তারা শুনছে না। এদিন তাদের বেড়া ভেঙে কুল কুড়োতে আসতে বারণ করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।এতে দুই পক্ষের মধ্যে হাতিহাতি হয়। ওদের বাঁশের আঘাতে তার মাথা ফেটে যায় এবং তার প্রসূতি স্ত্রীর হাত কেটে রক্তাক্ত হয়ে যায়। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

Post a Comment